স্টাফ রিপোর্টার: ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় পাসের বাধ্যবাধকতা কিছুটা শিথিল করল বাংলাদেশ ব্যাংক। গত ফেব্রুয়ারিতে পদোন্নতি সংক্রান্ত যে সার্কুলার জারি হয়েছিল, রোববার তা পরিবর্তন করে নতুন সার্কুলার দেয়া হয়েছে।
ব্যাংকারদের ওই সার্কুলার বাতিলের দাবি পুরোটা মেনে না নিলেও কিছুটা ছাড় দিয়ে বলা হয়েছে, ওই সার্কুলার জারির আগে নিয়োগ ও পদোন্নতি পাওয়া ব্যাংকারদের নিজ ব্যাংকে পরবর্তী এক ধাপের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পাস করা লাগবে না।
নতুন সার্কুলার অনুযায়ী, এক্ষেত্রে এক ধাপ পদোন্নতি নিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে না। তবে পরবর্তী পদোন্নতিতে ওই পরীক্ষায় পাস বাধ্যতামূলক হবে।
ব্যাংকারদের নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়ে পদোন্নতি নিতে চাইলে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় পাস বাধ্যতামূলক থাকলেও ওই সার্কুলার জারির আগে নিয়োগ ও পদোন্নতি পাওয়ারা এক্ষেত্রে অব্যাহতি পাবেন।
ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক আয়োজিত ব্যাংকিং ডিপ্লোমা (পরিবর্তিত নাম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম) পাস বাধ্যতামূলক করা হয়েছিল।
গত ফেব্রুয়ারিতে ওই সার্র্কুলার জারির সময়ে অনেক ব্যাংকের পদোন্নতি প্রক্রিয়াধীন ছিল। নতুন সিদ্ধান্তে পদোন্নতি আটকে যায় অনেকের। এতে ব্যাংকারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
নতুন সিদ্ধান্তে অনেকের পদোন্নতির জট খুলল। ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও একই নীতিমালা মানতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে।
সার্কুলারে আরও বলা হয়েছে, অন্যান্য বিভাগে পদোন্নতিতে এ অব্যাহতি পাওয়াদের সাধারণ ব্যাংকিং বিভাগ বা সাধারণ ব্যাংকিং সংশ্লিষ্ট কোনো বিভাগে নিযুক্ত করতে চাইলে তাদের ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।