সকল মেনু

এনআরবি ব্যাংকের আইপিও অনুমোদন

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য এনআরবি ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার, ৯ নভেম্বর বিএসইসির ৮৮৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, এনআরবি ব্যাংক পুঁজিবাজারে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে ব্যাংকটি।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পুন:মূল্যায়ন ছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭২ পয়সা।

চলতি বছরের  প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৭ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকটিকে একটি শর্ত দিয়েছে বিএসইসি। শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে ব্যাংকটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এনআরবি ব্যাংকের আইপিও অনুমোদন ছাড়াও বিএসইসির সভায় নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন করা হয়। এ বন্ডের ৬০ শতাংশ শেয়ারে রূপান্তর হবে। বন্ডের কুপন রেট বা সুদহার হবে ৮ থেকে ১০ শতাংশ। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে বিক্রি করা হবে। এর প্রতিটি ইউনিটের দাম হবে এক লাখ টাকা। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি ব্যাংকঋণ পরিশোধ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top