সকল মেনু

সিনো বাংলার রাইট শেয়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার: সিনো বাংলা ইন্ডাস্ট্রিজকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি এক কোটি ৯৮ হাজার ২৮৩টি শেয়ার ইস্যু করে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে। ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকায় বিক্রি করা হবে প্রতিটি শেয়ার।

মঙ্গলবার, ১২ ডিসেম্বর বিএসইসির কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। কমিশন সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজার থেকে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের এক কোটি ৯৮ হাজার ২৮৩টি শেয়ার ইস্যু করবে প্রতিষ্ঠানটি।

রাইট শেয়ার ছেড়ে উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি উৎপাদন সক্ষমতা বাড়াতে মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধ করবে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি তিন মাসের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩২ পয়সা। এছাড়া শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ১৯ পয়সা।

কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top