সকল মেনু

লভ্যাংশ না দেয়া রূপালী ব্যাংকের তথ্যচিত্র

সিনিয়র রিপোর্টার: বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়া রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৭ দশমিক শূন্য ১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত বৃহস্পতিবার শেয়ারপ্রতি ৩৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সমাপ্ত প্রথম প্রান্তিকে তিনগুণ আয় বাড়ার সুখবর দিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। সেই মুনাফা বাড়ার খবরে শেয়ার দরে উর্ধমূখী বলে জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সপ্তাহের শুরুতে ব্যাংকটির শেয়ারদর ছিল ২৯ টাকা ৪০ পয়সায়। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকটির মোট ১৭ কোটি ৫১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসেবে ব্যাংকটির লেনদেন ছিল ৩ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৬০০ টাকা।

ডিএসইতে শেয়ার হস্তান্তরের চিত্র

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রূপালী ব্যাংকের সুদ বাবদ আয় হয়েছে ৬৮২ কোটি ৪৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪৯ কোটি ৫৪ লাখ টাকা।

এই হিসাবে আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সুদ বাবদ আয় বেড়েছে ১৩২ কোটি ৯১ লাখ টাকা বা ২৪ দশমিক ১৮ শতাংশ। সুদ বাবদ আয় বাড়ার পাশাপাশি এ প্রান্তিকে ব্যাংকের মোট পরিচালন আয় বেড়েছে ১২৭ কোটি ৮৬ লাখ টাকা বা ৪৫ দশমিক ৮৭ শতাংশ।

ডিএসইতে এক মাসের দর বৃদ্ধির চিত্র

আলোচ্য সময়ে ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৭ কোটি ৭২ লাখ টাকা বা ৭৯ দশমিক ৫৭ শতাংশ।

আলোচ্য প্রান্তিকে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ বছরের ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএসদাঁড়িয়েছে ৩৬ টাকা ৭৭ পয়সায়।

এদিকে, ২০২১ সালে ২ শতাংশ স্টক লভ্যাংশ দিলেও ২০২২ সালে শেয়ারহোল্ডারদের হতাশ করেছে প্রতিষ্ঠানটি।

রূপালী ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর, শেয়ারপ্রতি লোকসান বা ইপিএস হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ৩৬ টাকা ১০ পয়সা।

ডিএসইতে এক বছরের দর বৃদ্ধির চিত্র

আগামী ২৬ জুলাই-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১১ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top