সকল মেনু

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কি অপসারণ হচ্ছেন

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমানকে অপসারণ করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইন অমান্য করে স্বদেশ ইসলামী লাইফের স্থায়ী আমানত বা পেইডআপ ক্যাপিটালের বিপরীতে এনআরবিসি ব্যাংক থেকে ১৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন তিনি।

ঋণ গ্রহণের কারণ ব্যাখ্যা করতে ৪ ডিসেম্বর মাকসুদুর রহমানকে নোটিশ দেয়া হয়েছে। আইডিআরএর পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

একইসঙ্গে তাকে চেয়ারম্যান পদ থেকে কেন অপসারণ করা হবে না- সে ব্যাখ্যাও দিতে বলা হয়েছে।

আইডিআরএ’র চিঠিতে বলা হয়, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিশোধিত মূলধনের অর্থ তফসিলি ব্যাংকে দায়মুক্তভাবে জমা রাখার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বীমা আইন ২০১০ এর ২১(২) ধারা লংঘন করে বীমা প্রতিষ্ঠানটি এনআরবিসি ব্যাংকে রাখা স্থায়ী আমানতের (পেইডআপ ক্যাপিটাল) বিপরীতে ১৪ কোটি ৩০ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়।

এছাড়াও স্থায়ী আমানতের বিপরীতে ঋণ গ্রহণের তথ্য পরিদর্শনকারী কর্মকর্তাদের দেয়া হয়নি এবং কোম্পানির আর্থিক প্রতিবেদনেও প্রতিফলিত হয়নি। সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়, যা বীমাকারী ও বীমা পলিসি গ্রহীতার স্বার্থের জন্য ক্ষতিকর এবং বীমা আইন ২০১০-এর পরিপন্থী।

এ অবস্থায় বীমা আইন ২০১০ এর ৫০(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে মাকসুদুর রহমানকে স্বদেশ ইসলামী লাইফের চেয়ারম্যান পদ হতে কেন অপসারণ করা হবে না- তার ব্যাখ্যা ১১ ডিসেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে।

তবে চিঠির ব্যাখায় তিনি কি কারণ উল্লেখ করেন বৃহস্পতিবার জানতে চাইলে আইডিআরএ কর্তৃপক্ষ জানানে রাজী হননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top